, | |

মূলপাতা জাতীয়

এবার বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান


গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে বন্দিশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন কমিশনের সদস্য নূর খান। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৪ মার্চ, ২০২৫ ২:১৯ : অপরাহ্ণ

এবার বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সেখানে বন্দিদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। যেটি একেবারেই এবসার্ট একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাবো।

এসব বন্দিশালা গত ১৫ বছরে করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন, এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত ১০-১২ বছরের মতো। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দিদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদ এর নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

 

একই সম্মেলনে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে।

দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা তা অনুসন্ধান করে দেখবে গুম সংক্রান্ত কমিশন। ইতিমধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের তালিকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত এক হাজার ৬৭ জনের বন্দির তালিকা দিয়েছে। সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা মিলিয়ে দেখছে কমিশন।

বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কারাগারে বন্দি বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। ভারত এক হাজার ৬৭ জনের একটি তালিকা দিয়েছে, সেটি গুম সংক্রান্ত কমিশন মিলিয়ে দেখছে, সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। এই তালিকা ভারত আরও দেবে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান ‘আয়নাঘর’ নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা।

আরও পড়ুন: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টা বললেন ‘এটা বিভৎস দৃশ্য’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর