, | |

মূলপাতা আইন-আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৫ ১০:২৯ : পূর্বাহ্ণ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ সোমবার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, গত ২৭ নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে দুদক মামলাটি করে।

তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলায় অপর তিন আসামি হলেন হারিছ চৌধুরী (প্রয়াত), জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান।

২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১৮ সালের অক্টোবরে খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

এরপর কারান্তরীণ অবস্থায়ই ২০১৮ সালের ৬ অক্টোবর ও ২০১৯ সালের ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। এভাবে কয়েক দফায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে এবং হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়। তবে এরই মাঝে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবার সরকারের কাছে আবেদন জানায়। পরে কয়েক দফায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত রাখে সরকার।

২০২৪ সালে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একে একে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো ১১৬ বার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর