, | |

মূলপাতা জাতীয়

১৪৬ কোটির অবৈধ সম্পদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা


সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৫ ৬:৩১ : অপরাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া ৬৬৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ এনেছে দুদক।

আজ বুধবার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে ও ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।

দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি।

 

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ হাতে পেয়ে গত ৭ অক্টোবর অনুসন্ধানে নামার তথ্য দিয়েছিল দুদক। তার সহযোগী হিসেবে পরিচিত অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধেও অনুসন্ধান শুরুর কথা বলেছিলেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিনই ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার আগে-পরে বিদেশে পালান সরকারের মন্ত্রী-এমপিরা এবং দলের নেতা-কর্মীরা।

অবশ্য আনিসুল হক দেশে আত্মগোপনে ছিলেন। পরে পালানোর সময় তাকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন তার সঙ্গে ধরা পড়েন শেখ হাসিনার সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানও।

২০১৪ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। সে সময় তাকে আইনমন্ত্রী করা হয়।

২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। তৃতীয়বারের মত তাকে আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: সেনাবাহিনী পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে: জেনারেল ওয়াকার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর