, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

রেমিট্যান্স প্রবাহ বাড়ছে, ডিসেম্বরে এলো রেকর্ড ২৬৪ কোটি ডলার


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৫ ৭:৩৯ : অপরাহ্ণ

শেখ হাসিনার পতনের পর দেশের রেমিট্যান্স প্রবাহ ক্রমান্বয়ে বাড়ছে। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড সৃষ্ট হয়েছে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গত ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৯০ লাখ ডলার (দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা) অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে কখনোই এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মূলত সরকার পরিবর্তনের পর অর্থপাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানসহ বিভিন্ন কারণে হুন্ডি কমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকাকালে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ প্রবাসীদের আয় বিদেশ থেকে কিনে রাখতেন। দেশে প্রবাসীদের পরিবারকে টাকা পৌঁছে দিতেন। তবে হাসিনার পতনের পর হুন্ডি বন্ধ হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। ফলে এখন ডলারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দামের পার্থক্য অনেক কমে গেছে। তাই প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে।

 

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয় বাড়তে শুরু করে। সেই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে প্রবাসী আয় এসেছে ২৬৩ কোটি ৯০ ডলার, যা ২০২৩ সালের একই সময়ের চেয়ে ৩২ দশমিক ৫৪ শতাংশ বেশি। ডিসেম্বরের রেমিট্যান্স আয় এক মাস হিসেবে সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ। তৃতীয় সর্বোচ্চ ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে গত বছরের জুনে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাস বাদে বাকি ১১ মাসই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বরে) এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। ২০২৩ সালের পুরো বছর রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৯১ কোটি ডলার। ২০২২ সালে ২ হাজার ১২৯ কোটি, ২০২১ সালে ছিল ২ হাজার ২০৭ কোটি ডলার। ২০২০ সালে রেমিট্যান্স আসে ২ হাজার ১৭৪ কোটি মার্কিন ডলার এবং ২০১৯ সালে আসে এক হাজার ৮৩৩ কোটি ডলার।

এদিকে রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশে সাড়ে ২৬ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

আরও পড়ুন: ১৪৬ কোটির অবৈধ সম্পদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর