, | |

মূলপাতা রাজধানী

ভোরে স্বাভাবিক হতে পারে রাজধানীর গ্যাস সরবরাহ


প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২১ ১০:০০ : অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও হাজারিবাগসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ আগামীকাল বুধবার ভোর নাগাদ স্বাভাবিক হতে পারে বলে আশা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাভারের আমিনবাজারে গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলেনি চুলা। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হবার কথা জানানো হলেও পরে তিতাস জানায় সরবরাহ স্বাভাবিক হতে ভোর লেগে যাবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) শফিকুল ইসলাম খান আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একটি গণমাধ্যমকে বলেন, তিতাসের লাইন মেরামতের কাজ শেষ হতে আরও ১২ থেকে ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।

তিনি জানান, ঢাকার আমিনবাজার এলাকায় সওজের উন্নয়নকাজের কারণে তিতাসের গ্যাস পাইপলাইনে লিকেজ বা ছিদ্র দেখা দেয়। বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় ওই পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

তিতাসের লাইন মেরামতের কাজ শুরু হওয়ায় গতকাল রাত ৯টা থেকে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও হাজারিবাগসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বন্ধ হয়। কিছু কিছু এলাকায় গ্যাস থাকলেও চাপ ছিল খুবই কম।

দিনভর গ্যাস না থাকায় বিপাকে পড়েন রাজধানীর বেশ কিছু এলাকার মানুষ। বাসায় রান্না না হওয়ার কারণে হোটেল থেকে খাবার কিনতে ভিড় জমায় অনেকে। এতে রেস্তোরাঁগুলোতে হঠাৎই ক্রেতার চাপ বেড়ে যায়। খাবার সরবরাহ করতে হিমশিম খান ব্যবসায়ীরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর