ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রাশিয়ার রকেট হামলার শিকার হয়েছে।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ হামলা হয়।
বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার হামলায় বাংলাদেশিদের মধ্যে তিনিই প্রথম নিহত হলেন।
জাহাজে ২ নারীসহ বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, ওই জাহাজে একটা রকেট আঘাত করেছে। সেটা বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।
জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি নামের ‘বাল্ক ক্যারিয়ার’ জাহাজটি ইউক্রেনের ওই বন্দরে পৌঁছায়।
তুরস্কের এরেগলি বন্দর থেকে গত ২১ ফেব্রুয়ারি খালি অবস্থায় সেটি ওলভিয়া বন্দরে যায়।
সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র্যাভেনা বন্দরে যাওয়ার কথা ছিল জাহাজটির।
তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং কর্পোরেশন।
শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।
এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
