, | |

মূলপাতা বিএনপি

গণটিকা ক্যাম্পেইন দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: ফখরুল


প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২১ ৭:১৫ : অপরাহ্ণ

সরকার লোক দেখানো গণটিকার নামে গণতামাশা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেছেন, ‘গণটিকা ক্যাম্পেইন সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। সেজন্য এতে দলীয় কর্মীদের সম্পৃক্ত করা হয়েছে।’

আজ (৮ আগস্ট) রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার টিকা দেওয়ার ক্ষেত্রে দলীয় বৈষম্য সৃষ্টির একটা অবৈধ সুযোগ সৃষ্টি করেছে। স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও এনজিওদের সম্পৃক্ত করলে এই ধরনের দলীয়করণের সম্ভাবনা কম থাকতো। সব ধরণের দলীয়করণের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সার্বজনীন টিকা দেওয়ার কার্যকরী ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের হাতে টিকা এসেছে ১ কোটি ৬০ লাখ। অথচ শতকরা ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন ২৬ কোটি টিকা।। টিকা নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রোডম্যাপ সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। সরকারের প্রতিটি পদক্ষেপেই প্রমাণিত হয়েছে টিকা দেওয়ার ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

দেশে টিকা উৎপাদনকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘এটা অবশ্যই হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সবার কাছে গ্রহণযোগ্য।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রায় ৫০ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাসে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য সদস্য শায়রুল কবির খান প্রমুখ।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর