, | |

মূলপাতা জাতীয়

স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন শেখ হাসিনা


শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২৬ ২:২৪ : অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। বিমানযোগের বিকল্প হিসেবে স্থলসীমান্ত ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছেন তিনি। এ জন্য ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কয়েকটি সীমান্তবর্তী প্রবেশপথ ঘুরে দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর। পেট্রাপোল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। দুই দেশের বাণিজ্য ও মানুষের সীমান্ত পারাপারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যদিকে, বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট না থাকায় হাসিনার পক্ষে বিমানে করে বাংলাদেশে ফেরা সম্ভব হবে না। এ কারণে সড়কপথে সীমান্ত পার হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালের ২২ আগস্ট হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। এ অবস্থায় গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেন। চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়।

 

এর আগে, হাসিনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিতে একটি বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এ অবস্থায় তার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তাকে ‘হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে’ ফিরিয়ে আনা যেতে পারে।

হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ইস্যুতে পরিণত করেছে বাংলাদেশ সরকার। এ নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারত। দেশটি বলেছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে হাসিনা বলেছেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে প্রস্তুত। এ জন্য তাকে প্রত্যর্পণের প্রয়োজন নেই।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এখন ঢাকা ও নয়াদিল্লি-দুই সরকারের জন্যই কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। তার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাও নতুন করে জটিলতায় পড়তে পারে।

আরও পড়ুন: সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

Rajniti Sangbad


আরও খবর