২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।
আজ মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা।
এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য এবার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।
সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের জেলে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে, নাকি হেঁটে বাংলাদেশে আসবেন-সেই আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে।
উল্লেখ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থেকে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।







