১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমন্বিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্থল, জল ও আকাশপথে আক্রমণ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ২১ নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। এবার দিবসটির ৫৫ বছর পূর্তি।
আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ে এই অভিযান বিশেষ তাৎপর্য বহন করে। ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে একটি পেশাদার ও আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ধীরে ধীরে তিন বাহিনীর সাংগঠনিক কাঠামো, প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটে। দেশের সীমান্ত, সমুদ্রসীমা ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় সংকটেও দায়িত্ব পালন করছে তারা।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্যতম বড় অর্জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে কর্মকর্তা পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সশস্ত্র বাহিনী বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশের ২ লাখ ৬ হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৯টি দেশ ও মিশন এলাকায় দায়িত্বে রয়েছেন ৪ হাজার ২১২ জন।
এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালিত হবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর সজ্জিত জাহাজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
