জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
এ সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।







