, | |

মূলপাতা আন্তর্জাতিক

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বললেন, ইরান যুদ্ধই হারের কারণ


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০২৬ ২:১৪ : অপরাহ্ণ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির ঐতিহাসিক ও চমকপ্রদ বিজয়ের পর প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান পার্টির এই বড় পরাজয়ের জন্য কোনো ব্যক্তিগত দায় নিতে অস্বীকার করেছেন ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্ট। উল্টো হারের পেছনে নিজ দলের ব্যর্থতা এবং ইরান যুদ্ধকে দায়ী করেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ফক্স নিউজ ডেমোক্রেসি ২৬-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের অভিনন্দন জানাচ্ছি, তারা সত্যিই ভালো কাজ করেছে। বিগত ১১ বছর ধরে তারা এই ধরনের একটি জয়ের অপেক্ষায় ছিল। অবশেষে তা অর্জন করেছে। তবে আমি এটিকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না।

ট্রাম্প আরও জানান, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার মতো অবস্থা এখানে নয়। তিনি এই নির্বাচনি ফলাফল পূর্ণাঙ্গভাবে মেনে নিচ্ছেন। কংগ্রেসের নতুন নিয়ন্ত্রণে থাকা ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।

তবে সহযোগিতার বার্তা দেওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের বিল আটকে দিতে নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, ডেমোক্র্যাটরা হয়তো অনেক বড় বড় ও উৎসাহব্যঞ্জক ৫০টি বিল পাঠাবে, কিন্তু তিনি সুন্দরভাবে ‘ভেটো’ সিল মেরে তা ফেরত পাঠিয়ে দেবেন।

 

নির্বাচনি জরিপে উঠে এসেছে, ইরান যুদ্ধ এবং এর প্রভাবে তেলের দাম বৃদ্ধি পাওয়া সাধারণ মার্কিন ভোটারদের মাঝে চরম ক্ষোভ তৈরি করেছিল। বিষয়টি ট্রাম্প স্বীকার করে বলেন, ‘আমি মনে করি এর একটি কারণ ছিল ইরান, কিন্তু একই সঙ্গে, আমি ইরানের ব্যাপারে যা করেছি তার গুরুত্বও মানুষ বুঝতে পেরেছিল।’

ফলাফল বিপর্যয়ের পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, তিনি ব্যালটে ছিলেন না। যদি তিনি নিজে প্রার্থী হতেন তবে রিপাবলিকানরা বিপুল ভোটে জয়লাভ করত। টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবট ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প অ্যাবটকে বলেন, অ্যাবট যদি নামেই রিপাবলিকান না হতেন, তাহলে তিনি হারতেন না।

ট্রাম্পের কার্যালয় হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ডেমোক্র্যাটদের জয় সাময়িক। ভোটারদের শিগগিরই পস্তাতে হবে। কারণ ইরানের যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুই নেমে আসবে। কিন্তু মানুষ তখন উগ্র উদারপন্থি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আটকে থাকবে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষদের সতর্ক করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, রেডিক্যাল লেফট বা উগ্র বামপন্থিদের থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সংকল্প আরও দৃঢ় হবে।

আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, হেরে গেলো ট্রাম্পের দল

Rajniti Sangbad


আরও খবর