নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা ছাড়ার এ ঘোষণা দেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’
তবে বিশেষ কারণ কী, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’
ইশরাক হোসেন বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দল ও বিব্রত হয়েছে।’
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে গতকাল রোববার মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন তারেক রহমান। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কিন্তু গতরাতে এক অডিও বার্তায় পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে গুজব বলে উল্লেখ করেন ইশরাক। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তার প্রেস কর্মকর্তাও পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তবে সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া আরেক পোস্টে ইশরাক জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যের প্রতি পদত্যাগের নির্দেশ এলে তা কার্যকর হওয়া মাত্র সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।
পোস্টে ইশরাক সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ‘সুশীল মানুষ’কে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন বলেও উল্লেখ করেন। ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়েন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। ব্যাপক বিতর্কের মুখে গতকাল রোববার ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।
সেই নির্দেশনা মেনেই বিএনপি সরকারের মাত্র ৮ মাসের মাথায় সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।







