বহুল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। ৫ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে রোজার আগে ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন ও ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে। আর রোজার পরে ২৯ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচন, ১৩ মে চতুর্থ ধাপের নির্বাচন এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানাউল্লাহ জানান, ৪ হাজার ৩০০’র মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৭ মে ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপ হবে ২৯ এপ্রিল। চতুর্থ ধাপ ১৩ মে এবং ২৭ পঞ্চম ধাপ। অর্থাৎ শেষ ধাপ হবে হচ্ছে ২৭ মে। সবগুলো দিনই হচ্ছে বৃহস্পতিবার।
এই নির্বাচন কমিশনার বলেন, ‘সকল জেলাতেই একসঙ্গে শুরু করব আশা করছি। সে ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দেব সদর উপজেলাগুলো এবং অন টপ অব দ্যাট যে, ইউনিয়ন পরিষদগুলো ম্যাচিউর হয়ে গেছে বা ওভারডিউ হয়ে গেছে। বেশিদিন হয়ে যাচ্ছে সেগুলো অগ্রাধিকার পাবে এবং সাবসিকোয়েন্টলি আমরা চেষ্টা করব, অ্যালফাবেটিক্যালি বাকি উপজেলাগুলোকে সমন্বয় করতে।’
তফসিল কবে ঘোষণা হবে জানতে চাইলে সানাউল্লাহ বলেন, ‘তফসিল ঘোষণা করবেন আমাদের জেলা নির্বাচন কর্মকর্তারা। সাধারণত আপনারা ধরে নেন ছয় সপ্তাহ আগে।’







