আবার বাড়ানো হলো এলপি গ্যাস সিলিন্ডারের দাম। এবার এলপি গ্যাসের দাম একলাফে বেড়েছে ২৫২ টাকা। অর্থাৎ, এখন থেকে ১২ কেজির এলপি গ্যাস কিনতে হলে গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা।
আজ রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ৩৩ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৫ হাজার ৫২ টাকা আর ৩৫ কেজির দাম পড়বে ৫ হাজার ৩৫৮ টাকা।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
জানা গেছে, ২২ সেপ্টেম্বরের পর বাজারে এলপি গ্যাস সিলিন্ডারের মহাসংকট চলছে। ১ হাজার ৫৮৫ টাকার এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে আড়াই হাজার টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে বিশ্ববাজারে এলপি গ্যাস সিলিন্ডারের আমদানি খরচ কিছুটা বেড়েছে। এ সুযোগে অনেক অপারেটর এলপি গ্যাস সিলিন্ডারের মজুত করে রেখেছে।
প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপি গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।
এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।News
২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।
