, | |

মূলপাতা দেশজুড়ে

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর


আজ সন্ধ্যায় কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২৬ ৮:৩৪ : অপরাহ্ণ

ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার সন্ধ্যায় কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে তার ওপর হামলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যাওয়ার পর আজ সন্ধ্যার দিকে লালন শাহের আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সেখান থেকে ফেরার সময় লালন শাহের আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কিছু যুবকের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটে। একই সময় তাদের গাড়িবহরেও হামলা-ভাঙচুর চালানো হয়।

একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক।

ঘটনার পরপর এনসিপি নেতাকর্মী ও পুলিশের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা কুমারখালী থানার উদ্দেশে রওনা হন। তারা হামলার ঘটনায় মামলা করার উদ্দেশে থানায় গেছেন বলেন জানা গেছে।

তবে কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সেই সঙ্গে হামলার ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় Nasiruddin Patwary ভাইয়ের ওপর বিএনপির হামলা।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রাত ৮টা ২৪ মিনিটের দিকে ফেসবুকে দেয়া ওই পোস্টের সঙ্গে হামলার ঘটনায় ভাঙচুর করা গাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না।’

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা।

এছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও হামলার শিকার হন তিনি।

আরও পড়ুন: আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের হাতাহাতি

Rajniti Sangbad


আরও খবর