যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ ‘পিএমও বাংলাদেশ’ থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে।
ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।’
ছবিটিতে মাঝখানে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডান পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বামপাশে ডা. জুবাইদা রহমান। তারা সবাই বেশ হাস্যোজ্জ্বল ছিলেন।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৈশভোজের আয়োজন করেছিলেন। গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে ওই নৈশভোজ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা এই নৈশভোজে অংশ নেন।
সেদিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে ব্রেকফাস্টের আয়োজন করেন। সেই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান অংশ নেন।
গত ২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেন। যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৭ সেপ্টেম্বর সকালে তিনি দেশে ফেরেন।
জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সাধারণ পরিষদের অধিবেশনে একটি ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ৬টি গুরুত্বপূর্ণ বক্তব্য ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এই সফরে তার স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সরকারি আমলাসহ ৩৫ জন সফরসঙ্গী ছিলেন।







