রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে আজ দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্লিনিকটি ভেঙে দিয়ে সাইনবোর্ড টানায় সমমনা দোকানদার সমবায় সমিতি।
এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। উঠে আসে সমমনা দোকানদার সমবায় সমিতির সাবেক সভাপতি ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম। মিষ্টি অবশ্য হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
রাড্ডা সেন্টারের ঘটনার পর থেকেই মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে। এরই ধারাবাহিকতায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনার পর আজ তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার
