, | |

মূলপাতা জাতীয়

অঝোরে কাঁদলেন মির্জা আব্বাস, যা বললেন সংসদে


আজ প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৯ : অপরাহ্ণ

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস। যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পান তিনি। বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই সংসদ সদস্য।

আজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পর বক্তব্যের শুরুতেই অঝোরে কাঁদেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে মির্জা আব্বাস না দাঁড়িয়ে বসেই বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দের, গর্বের আর কি হতে পারে? নেহাতি আবেগ ভালোবাসা এ কারণে আমাকে সংসদে আসতে হয়েছে। আমার চিকিৎসা শেষ হয় নাই। আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর আজ মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। আমি ফিরে এসেছি মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে।

এই সংসদ সদস্য বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বর্তমান সংসদ যাত্রা শুরু করার পর পরই গত ১১ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘ সময় চিকিৎসার জন্য আমাকে সিঙ্গাপুর, মালয়েশিয়ায় থাকতে হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারেনি।

 

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমি এখনো চিকিৎসাধীন। চিকিৎসা শেষ হয়নি, বরং চিকিৎসার মাঝপথে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, একই সঙ্গে এই কঠিন সময় যারা আমাকে আমার জন্য দোয়া করেছেন, খোঁজ-খবর নিয়েছেন, পাশে থেকেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

মির্জা আব্বাস বিশেষভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অসুস্থতার সময়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিয়মিত আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জাতীয় সংসদে ফিরে এসে রাজনীতির বৃহত্তর অর্থ নিয়ে মির্জা আব্বাস বলেন, জাতীয় রাজনীতি শুধু মতের পার্থক্যের বিষয় নয়; রাজনীতি মানুষের জন্য। দেশের মানুষের জন্য কাজ করার সুযোগই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। একইভাবে সংসদ শুধু বিতর্কের জায়গা নয়, এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জায়গা।

বক্তব্যে নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এই বিএনপি নেতা। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে। সেখানে টানা এক মাসের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ্য হয়ে ওঠেন। পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে। সেখানে এতদিন তার ফিজিওফেরাপি চলছিল।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

আরও পড়ুন: উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা ঠুকে দিলো পুলিশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর