সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।
বিএনপির এই শীর্ষ নেতার আগমনকে ঘিরে সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও ব্যানারও দেখা গেছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে। সেখানে টানা এক মাসের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ্য হয়ে ওঠেন। পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে। সেখানে এতদিন তার ফিজিওফেরাপি চলছিল।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ
