, | |

মূলপাতা বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার


সালমান শাহ ও ডন
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২৬ ৪:০৪ : অপরাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। সেখানে তাকে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে বলে আদালতের প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, সালমান শাহ হত্যা মামলার তদন্তের স্বার্থে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। আজ সকালে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে ডনকে আটক করা হয়। পরে সিআইডির কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।

সিআইডির ঢাকা মহানগরের (পশ্চিম) বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর বলেন, সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নাম রয়েছে। গত বছর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। ওই সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত।

১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে সালমান শাহ’র মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহ’র স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

 

যাদের আসামি করা হয়েছে তারা হলেন-সালমান শাহ’র স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।

গত ২৩ জুলাই ষষ্ঠবারের মতো পিছিয়ে আগামী ৩০ আগস্ট সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

আরও পড়ুন: সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর