ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। গতকাল শনিবার বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওটিতে মোজতবা খামেনিকে বেশ সুস্থ দেখা গেলেও, এটি কবে ধারণ করা তা নির্দিষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ নেতার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে তৈরি হওয়া ব্যাপক জল্পনা-কল্পনা ও গুঞ্জন থামাতেই এই ভিডিওটি সামনে এনেছে তেহরান।
ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি ঠিক কখন বা কোন স্থানে ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। এমনকি তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথ মার্কিন-ইসরায়েলি সামরিক হামলায় মোজতবা খামেনির পিতা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর পরপরই মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একবারও কোনো রাজনৈতিক বা পাবলিক অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হননি। তিনি কেবল লিখিত বক্তব্যের মাধ্যমে দেশের নীতি-সংক্রান্ত বার্তা দিয়ে আসছেন। এমনকি বাবার জানাজাতে অন্য ভাইয়েরা উপস্থিত হলেও তার দেখা মেলেনি।
নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে ৫০ বছর বয়সী মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি–নির্ধারণী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ সর্বসম্মতিক্রমে তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
বিভিন্ন গোয়েন্দা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির সেই সামরিক হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করে কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছেন।
এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা বর্তমানে ‘অত্যন্ত কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।
তবে ইরান সরকারের দাবি, সর্বোচ্চ নেতার আঘাত সামান্য ছিল এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাদের বক্তব্য অনুযায়ী, মোজতবা খামেনি সার্বক্ষণিকভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছেন।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট
