পদত্যাগের বিষয় নিয়ে করা প্রশ্নকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রায় দুই মিনিটের ওই ফোনালাপে রাষ্ট্রপতি তার পদত্যাগের গুঞ্জন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ প্রসঙ্গে কথা বলেন।
পদত্যাগ করছেন কি না-এমন প্রশ্নের জবাবে মো. সাহাবুদ্দিন বলেন, ‘দেখতে পাবেন…প্রশ্নটা বিব্রতকর।’
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে রয়েছেন-এমন বিষয়টি উত্থাপন করা হলে রাষ্ট্রপতি বলেন, ‘আমার জানা নেই স্পিকার দেশে আছেন কি না। এটা আমার জানার কথা না।’
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন। কারও যদি মাথা খারাপ হয়, সে এ ধরনের কথা বলতে পারে।’
নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা, এটাই বলতে পারি।’
এর আগে বৃহস্পতিবার সকালে একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন। ওই সব প্রতিবেদনে দাবি করা হয়, চিকিৎসাজনিত কারণে লন্ডন সফরকালে তিনি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নেপথ্যে কী?
