রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২২ জুলাই ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
এক নারীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়।
এর আগে বিষয়টি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা পড়ে। সেই প্রতিবেদনের আলোকে আজ দলটির নির্বাহী পরিষদের বৈঠকে তাকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।
গত ২০ জুলাই এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে আরও একাধিক ভিডিও ছড়ায়। এসব ভিডিও প্রকাশের পরপরই কেন্দ্রীয়ভাবে একাধিক টিমের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে জামায়াত। গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের বিষয়ে নিশ্চিত হলে নির্বাহী পরিষদ কঠোর সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: পাঁচদিন আবহাওয়া কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস
