, | |

মূলপাতা চট্ট-মেট্টো

দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে চিটাগাং চেম্বারের বৈঠক


দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১ জুলাই, ২০২৬ ৫:০৭ : অপরাহ্ণ

চিটাগাং চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট ও ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু।

আজ বুধবার এই দুই মার্কিন কূটনীতিক চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসেন। এ সময় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক তাদের স্বাগত জানান। এরপর দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন চেম্বার নেতৃবৃন্দ।

বৈঠকে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট বলেন, আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ প্রমোট করা। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী এবং বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন করা।

এই মার্কিন কূটনীতিক বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের ব্যবসা সম্পর্কে জানতে আমেরিকান চেম্বার অব কমার্সের সাথে যৌথভাবে কাজ করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকার ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার এবং বিডার সাথে কাজ করছে।

ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু বলেন, বাংলাদেশে অনেক মার্কিন কোম্পানি রয়েছে। আবার অনেক কোম্পানি পণ্য বিক্রয় করতে আগ্রহী। এক্ষেত্রে বাংলাদেশ যদি ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে পারে তবে উভয় দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যিক সংযোগ বৃদ্ধি পাবে।

চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজারও যুক্তরাষ্ট্র। তাই দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা উপযুক্ত সময় এখনই। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ব্যবসায়ী টু ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়ন ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে মার্কিন বিনিয়োগ বাড়লে উভয়দেশের জন্য লাভজনক হবে।

 

চট্টগ্রামের ফ্রি ট্রেড জোনে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়ে চেম্বার সভাপতি বলেন, ফ্রি ট্রেড জোনে বিনিয়োগকারীরা একটি মাত্র ট্রেড লাইসেন্সের মাধ্যমে কোন ধরণের ঝামেলাবিহীন ব্যবসা পরিচালনা করতে পারবে। চেম্বার সভাপতি বলেন-বাংলাদেশ কারো কাছে ভিক্ষা চায় না, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব চায়। এক্ষেত্রে যুক্তরাস্ট্রের সাথে উইন উইন ভিত্তিতে কাজ করতে চায়, যেখানে উভয়দেশই সমানভাবে লাভবান হবে।

বৈঠকে চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চেম্বার পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ হিরু, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও রাহবার এ আনোয়ার, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানি, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন, মার্কিন দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া ও এগ্রিকালচার স্পেশালিস্ট তানভীর আহমেদ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সিডিএ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: চিটাগাং চেম্বারের নতুন সভাপতি আমিরুল হক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর