কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য সংঘাত এড়াতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ছয়টি জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। পাশাপাশি রাজপথে সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির নেতাকর্মীরা কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও মিছিল-শোডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ছয় জেলায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর কার্যক্রম, এরই অংশ হিসেবে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।
গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এসে শেষ হয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি মিছিল বের হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে। বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ, তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না।’
এদিকে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল করছে যুবদল।
আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আজ বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সারাদেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, ৩ চুক্তি সই
