যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর আশা জেগে উঠেছিল দীর্ঘমেয়াদে যুদ্ধ বন্ধের। কিন্তু তিনদিন না যেতেই আবারও জেগে উঠেছে অস্থিরতার শঙ্কা। লেবাননে ইসরায়েলের হামলার জেরে আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।
আজ শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে এ ঘোষণা দেয় ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।
লেবাননে নতুন করে ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়ার চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে ইরানের সামরিক বাহিনী। এসব ঘটনার প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল।
এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ার করে বলেছে, এবার হরমুজ বন্ধের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনও আগ্রাসনমূলক ব্যবস্থা নিলে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে কঠোর পদক্ষেপ নিবে।
প্রসঙ্গত, যুদ্ধের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও সেখানে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে শান্তি চুক্তি বাস্তবায়নে গতকাল শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন আলোচকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি প্রতিনিধি দল। ফলে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল করা হয়েছে এবং আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। আরব উপদ্বীপ এবং ইরানের মধ্যবর্তী সরু এই জলপথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়। প্রতিদিনের হিসেবে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি পণ্য আনা-নেওয়া করা হয় গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথে। এই পথে জাহাজ চলাচল স্থগিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা এবং সরবরাহে বিঘ্ন ঘটার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।
ফলে, ইরান প্রণালীটি আবারও বন্ধ ঘোষণা করায় নতুন করে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারকে সই, কী আছে এতে?
