বগুড়ার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে’-এমন অভিযোগ ও বিতর্কের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হতে পারে।
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় মীরবাড়ী।
অন্যদিকে, মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। নতুন চার ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত নাম নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ী। পাশাপাশি তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে নামকরণ প্রক্রিয়া এবং গণশুনানির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে।
সংসদে এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতেই নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে। নামকরণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকা গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম সীমান্ত রাখা হয়েছে। আর অন্য ইউনিয়নের ভৌগোলিক অবস্থান বিবেচনায় দিগন্ত নাম নির্বাচন করা হয়েছে।
দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নামের মিলকে সম্পূর্ণ কাকতালীয় বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
