যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরও ইসরায়েল আজ সোমবার ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে নতুন করে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভেতরের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।
ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
এদিকে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের নতুন হামলা ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চলমান শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি জোর দিয়ে বলেন, সিদ্ধান্ত আমি নিই, বেনিয়ামিন নেতানিয়াহু নয়।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রায় আধাঘণ্টার ফোনালাপ হয়। সেই সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নতুন হামলা থেকে বিরত থাকতে বলেন।
সাম্প্রতিক উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। সোমবার লেনদেন শুরুর দিকে বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারের ওপরে উঠে যায়।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম জটিল বিষয় হয়ে উঠেছে লেবানন পরিস্থিতি। ইসরায়েল গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতির উদ্যোগের পরও বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি কার্যকর করতে হলে লেবাননেও যুদ্ধবিরতি বজায় রাখতে হবে।
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবানন সংক্রান্ত চুক্তি লঙ্ঘনসহ বিভিন্ন শত্রুতামূলক কর্মকাণ্ডের কারণে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত এপ্রিলের শুরুতে আংশিক যুদ্ধবিরতির পর অনেকটাই স্থবির অবস্থায় রয়েছে। তবে ইরান এখনও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা বজায় রেখেছে, আর যুক্তরাষ্ট্রও ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: মৃত্যুকে চ্যালেঞ্জ পুতিনের, অমরত্বের সন্ধানে রাশিয়া!
