বর্তমান সরকারের চারমাস পূর্ণ না হতেই হঠাৎ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রু মন এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজকর্ম যথাযথভাবে পালন করতে গিয়ে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও লেখেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার পক্ষে এই পদে অব্যাহতভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। সে কারণেই পদত্যাগ করাকে তিনি সমীচীন মনে করেছেন।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হন তিনি। দীপেন ভোট পেয়েছিলেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২টি ভোট। এমপি নির্বাচিত হওয়ার পর তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ
