, | |

মূলপাতা জাতীয়

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, কাল থেকে খুলছে অফিস


ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩১ মে, ২০২৬ ১০:৩৪ : পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহার ৭ দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। আগামীকাল সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।

গত ১৪ মে ঈদুল আজহার জন্য ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করে সরকার।

সরকার ঘোষিত এই ছুটি শেষ হচ্ছে আজ। ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে স্বাভাবিক লেনদেন চলবে দেশের সব ব্যাংকে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও শুরু হবে নিয়মিত লেনদেন।

 

এদিকে ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রা শুরু হয়েছে রাজধানীমুখী মানুষের। গতকাল শনিবার ও আজ রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। তবে এখনো যাত্রীর চাপ দেখা যায়নি সড়কে। অনেক বাস আসছে অর্ধেক যাত্রী নিয়ে।

সিলেট থেকে ঢাকায় ফেরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হুমায়ুন কবির জানান, রাস্তায় যানজট নেই। যাত্রীরও বেশি চাপ নেই। নির্বিঘ্নে ফিরতে পেরেছি। রোববার অফিস থাকায় শনিবার রাতেই রওনা হয়েছি।

রাজশাহী থেকে শনিবার রাতে ঢাকায় ফেরা আবদুল কাদির বলেন, ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনো যাত্রীর চাপ বাড়েনি। সন্ধ্যায় এসেছি, বাস ভর্তি ছিল। অনেকের সঙ্গে কথাও হয়েছে, তাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন।

তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ব্যাংকপাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারা দেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কি দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি সরকার?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর