শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ জনগণকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এই মন্তব্য করেছে ভারতীয় হাইকমিশন।
আজ শনিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাইকমিশন থেকে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল। নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জনগণকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজও তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা থেকে রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
