পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
আজ বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বা ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি।
পিডিবি আগামী ১ জুন থেকে এই নতুন দর কার্যকর করার সুপারিশ করেছে।
গণশুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর ৭ টাকা ৪ পয়সা, অথচ গত অর্থবছরে এর উৎপাদন খরচ ছিল ১৩ টাকা ১৯ পয়সা। এতে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় বিদ্যুতের দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত।
তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা।
তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে। তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন অংশীজনরা।
শুনানিতে অংশীজনরা বলেন, নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বহুমুখী। উৎপাদন খাতেও পিছিয়ে পড়বেন উদ্যোক্তারা।
এদিকে, বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর পরবর্তী গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিইআরসি।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম
