দেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে। পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই সময়ে ঈদ উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরের দিন বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব উদযাপিত হয়।
উল্লেখ্য, জিলহজ হিজরি সনের ১২তম বা শেষ মাস। এ মাসেই পবিত্র হজ পালিত হয় এবং ঈদুল আজহা উদযাপিত হয়। আগামী ২৬ মে পালিত হবে পবিত্র হজ (আরাফাতের দিন)। আরবি এই মাসের ১০ তারিখ উদযাপিত হবে ঈদুল আজহা।
ঈদুল আজহার দিন আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দেশে কুরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের।
এদিকে এবার ঈদুল আজহায় সাত দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হবে সেই ছুটি, শেষ হবে ৩১ মে।
আরও পড়ুন: জিলহজের চাঁদ উঠার পর কোরবান পর্যন্ত চুল-নখ কাটা কেন নিষিদ্ধ?
