রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৯ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যর উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শক্রমে ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
