, | |

মূলপাতা আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ২৫৪


লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২৬ ৯:৩৩ : পূর্বাহ্ণ

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে গতকাল বুধবার লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননজুড়ে চালানো এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ হাজার ১৬৫ জন।

গত ৭ এপ্রিল মঙ্গলবার ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধাবসানের দিকে পরিচালনা করা নিয়ে আলোচনা ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই গতকাল বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা পরিচালনা করে ইসরায়েলি বিমানবাহিনী।

মাত্র ১০ মিনিট ধরে চলে এই অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এ অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ৫০টি যুদ্ধবিমান এবং ১০ মিনিটে পুরো লেবাননে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে।

অধিকাংশ বোমা ফেলা করা হয়েছে লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে। ফলে ধ্বংস ও প্রাণহানি মাত্রা অনেক বেশি।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, নিহত-আহত এবং তাদের স্বজনদের ভিড়ে রীতিমতো হিমসিম খাচ্ছে বৈরুত ও লেবাননের অন্যান্য শহর-গ্রামের হাসপাতালগুলো। ধ্বংসস্তূপ আটকা পড়া নিহত এবং আহতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী বাহিনীর সদস্যদেরও।

ইরানের সমর্থন ও মদতপুষ্ট বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লা। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটির প্রতিষ্ঠা গত শতকের আশির দশকে এবং জন্মলগ্ন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের চরম শত্রু।

হিজবুল্লাকে পুরোপুরি দমন করতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে ২০২৫ সালের অক্টোবরে মাসে আন্তর্জাতিক চাপের মুখে লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ বাঁধার দু’দিন পর অর্থাৎ ২ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে মার্চের মাঝামাঝি বিমান অভিযানের সঙ্গে যুক্ত হয় স্থল অভিযানও।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় ইরান। বুধবারের ইসরায়েলি হামলায় তেহরান ক্ষুব্ধ হয়েছে। লেবাননে ইসরায়েলের এই হামলার জেরে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটি বলেছে, লেবাননে হামলা অব্যাহত রেখে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে তারা এ থেকে বেরিয়ে যাবে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানায় ইসরায়েল। তবে তারা জানিয়ে দেয়, এই যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, এই চুক্তির আওতায় লেবাননও রয়েছে। তবে এই দাবি অস্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, তার আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। একই সুরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও বলেন, ‘আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেইনি।’

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার শর্ত স্পষ্ট। তার ভাষায়, ‘ওয়াশিংটনকে বেছে নিতে হবে’ যুদ্ধবিরতি, নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া; দুটো একসঙ্গে সম্ভব নয়।

আরও পড়ুন: ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, আবার হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর