শিশুশিল্পী হিসেবে দেশের শোবিজে ব্যাপক পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা মাত্র ১৫ বছর বয়সেই বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লুবাবা নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা-দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’
উল্লেখ্য, এর আগে থেকেই মিডিয়া জগত ছেড়ে তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন লুবাবা। আর এবার তো বিয়ের কথাই প্রকাশ করলেন।
জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি মাহমুদ বিন মুনির নিজেই নিশ্চিত করেছেন।
একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
জানা গেছে, বাবার ব্যবসার সুবাদে এখন কুয়েতে থাকেন মাহমুদ বিন মুনির। আগে অনিয়মিত হলেও ২০২১ থেকে নিয়মিত সেখানেই বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের।
পবিত্র কুরআন হিফজের পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসও শেষ করেছেন মাহমুদ। ঢাকা ও নরসিংদীর কয়েকটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি।
এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা সাবেক এই শিশুশিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন। পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’
মোহাম্মদ ইমন নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘লুবাবার নতুন জীবনের জন্যে শুভ কামনা রইল। আসলে আল্লাহ যার হেদায়াত চায় তাকে কেউ আটকিয়ে রাখতে পারে না। দোয়া করি- এভাবেই থাকুক সবসময়।’ আনিশা জাহান নামের আরেক অনুসারী লিখেছেন, ‘আমি এটাই ধারণা করছিলাম। যাক তাড়াতাড়ি বিয়ে করেছ, সুন্নাহ পালন করেছ, খুবই ভালো লাগলো।’
শেখ তনিমা মিমা নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লহ। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদের মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: ৫ এপ্রিল থেকে শিশুদের হামের টিকা দেবে সরকার
