, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ মার্চ, ২০২৬ ১১:১৫ : পূর্বাহ্ণ

ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী ৬ এপ্রিল রাত আটটা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন ভুয়া সংবাদমাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনা ভালোভাবে চলছে।

ইরান বলে আসছে, তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনাই করছে না। ইরানের কে বা কারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ট্রাম্প তা খোলাসা করেননি। তবে শান্তি আলোচনার মধ্যস্থতাকারীদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান এই ১০ দিনের বিরতি চায়নি।

এর আগে গত ২৩ মার্চ ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে আজ শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে মার্কিন বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে বা দেশটির জ্বালানি কেন্দ্রগুলো ধ্বংস করতে ইরানকে দেওয়া সময়সীমা তিনি বাড়িয়েছেন। তিনি আরও বলেন, আলোচনা ‘খুব ভালোভাবে’ চলছে, কিন্তু তেহরান এই আলোচনার খবরকে অস্বীকার করেছে।

 

ইরান বলেছে, ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন করেন, তবে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে।

বেসামরিক অবকাঠামোর ওপর পাল্টা হামলার এই সম্ভাবনা বিশ্ববাজারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং এই অঞ্চলের লাখ লাখ বেসামরিক মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চার সপ্তাহ ধরে চলা এ যুদ্ধ এর মধ্যেই পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; এর সঙ্গে জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিতে জোর আঘাত হেনেছে, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির শঙ্কাও উসকে দিচ্ছে।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলার মধ্যেই গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। এর পাল্টায় ইরানও ইসরায়েল, তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শহর ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলায় নামে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র বলছে আলোচনা চলছে, ইরান বলছে ভুয়া খবর: কার কথা সত্য?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর