প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় ও বিভাগ-প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি কে কীভাবে সম্পাদন করবেন, তার বিস্তারিত নির্দেশনাও দিয়েছে সরকার। এতে প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কে কোন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সংক্রান্ত দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
জাতীয় সংসদে দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর যুগপৎ অনুপস্থিতিতে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদান এবং সংসদ সম্পর্কিত কার্যাবলি সম্পাদন করবেন।
অর্থাৎ, কোনো মন্ত্রী ও তার বিকল্প একই সঙ্গে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষে সংসদে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আরও পড়ুন: র্যাব-পুলিশের শীর্ষ পদে বড় রদবদল
