, | |

মূলপাতা জাতীয়

আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা


উপরে বাম থেকে-বরিশাল সিটিতে প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটিতে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে ইউসুফ মোল্লা টিপু।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২৬ ৫:৫২ : অপরাহ্ণ

বিএনপি ক্ষমতায় আসার পরপর ঢাকার দুটিসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নিজ দলীয় নেতাদের প্রশাসক পদে নিয়োগ দেয়। সেটা নিয়ে নানা মহলে সমালোচনার মধ্যেই আরও পাঁচটি সিটিতে বিএনপি নেতাদের এবার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া পাঁচজন প্রশাসকের মধ্যে একজন বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা এবং বাকি চারজন স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আজ শনিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

নতুন নিয়োগ পাওয়া পাঁচ প্রশাসক হলেন-বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটিতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মো. ইউসুফ মোল্লা টিপু।

এর মধ্যে বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। রাজশাহীর মাহফুজুর রহমান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। ময়মনসিংহের রুকুনোজ্জামান রোকন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। রংপুরের মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগরের সদস্য সচিব। আর ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

 

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব পান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক পদে বসানো হয়।

আরও পড়ুন: ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতারা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর