, | |

মূলপাতা জাতীয়

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল


মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ব্যারিস্টার কায়সার কামাল হোসেন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ মার্চ, ২০২৬ ১২:০৯ : অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আর ডেপুটি স্পিকার হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল হোসেন।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে তাদের নির্বাচিত করা হয়েছে। এরপর স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।

জাতীয় সংসদের স্পিকার হিসেবে একমাত্র নাম হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করা হয়। পরে তিনি সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। এরপরই তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

পরে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। একই প্রক্রিয়ায় সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করলে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তিনি নির্বাচিত হন।

ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ হিসেবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে।

এবারের জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরও পড়ুন: আরও ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে নির্দেশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর