বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে অধিবেশন শুরু হয়।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হয়।
দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ত্রয়োদশ সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
স্পিকার হিসেবে নিবাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এরপর স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিকে সরকারি দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার নেওয়ার আহ্বান জানালেও জামায়াত পদটি নেয়নি। ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন পেয়েছেন। বিরোধী দল থেকে কারও নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে।
অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। সরকার এই সংসদকে তর্ক-বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়।
দল-মতনির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার রাজনীতি। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই।
জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানকে দেখা গেছে।
এবারের জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
১৩তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরইমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বর্তমান সংসদ গঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।
আরও পড়ুন: সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল
