হামলা, গুজব আর পাল্টা দাবির ভেতরেই নতুন তথ্য সামনে এলো। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন বলে জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় আহমেদিনেজাদকেও হত্যার চেষ্টা করা হয় বলে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার একটি সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানায়, আহমেদিনেজাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে হত্যাচেষ্টা সত্ত্বেও মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে গেছেন। তিনি আহতও হননি। তবে তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছিল, যৌথ হামলায় আহমেদিনেজাদ প্রাণ হারিয়েছেন। কিন্তু সেই দাবি সঠিক নয় বলে এখন জানানো হচ্ছে।
আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থি হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে কট্টর রক্ষণশীল পটভূমি থাকা সত্ত্বেও ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচক ও বিরোধী কণ্ঠে পরিণত হয়েছেন তিনি।
আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা
