বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জুলাই মাসকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনের পূর্বে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। আর তা নাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। ফলে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে জুলাই আন্দোলনসহ নানা বিষয়ে তিনি কথা বলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
