বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

তাজুল বাদ, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সামনে), পেছনে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছ।

আজ সোমবার সকালে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, নির্বাচিত নতুন সরকার তাদের নিজেদের পছন্দের লোককে বসাবে এটাই স্বাভাবিক। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে আমি আশা করছি, আমার অসমাপ্ত কাজ যেন নতুন চিফ প্রসিকিউটর সমাপ্ত করেন।

নতুন নিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। তিনি ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালে জুলাই-আগস্টে অভ্যুত্থানের পর ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। এসব মামলার মধ্যে রায় ঘোষণা হয়েছে তিনটির। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা। এরই মধ্যে আগামী ৪ মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়।

এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিওয়েট বহু এমপি-মন্ত্রীও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।

আরও পড়ুন: ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতারা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর