রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানানোর পরে তারা শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন জামায়াত আমীরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, জাতীয় সংসদের বিরোধীদলের হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ জোটের অন্যান্য নেতারা। শ্রদ্ধা জানানো শেষে তারা আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জেয়ারত করতে যান।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
আরও পড়ুন: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
