প্রধানমন্ত্রী কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে ডেকে কথা বলেছেন তারেক রহমান। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে আসার পরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলার সময়ে পরিচিতিদের কয়েকজনকে ডেকে কথা বলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন। তারেক রহমান সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, ১৯ বছরে আগে যখন ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন এবং তাদের সাথে কথা বলেন। তাদের পরিবারের খোঁজ-খবর নেন। এটা একটা স্মরণীয় ঘটনা।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এই সময়ে প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌঁড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজ-খবর নেন। এই সময়ে আরও কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।
২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই কার্যালয়েই অফিস করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ম্যাডামের সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারী যারা ১৯ বছর আগে নবীন ছিলেন এখন তাদের চুলে পাক ধরেছে, কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদেরকে ডেকে কথা বলেছেন। এ সময় ওই সব কর্মচারীরা যেমন আবেগ আপ্লুত হয়েছেন, তেমনি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানভুবতা এবং ব্যবহারে।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রেড ব্লকে’ প্রবেশ করেন, যেখানে প্রধানমন্ত্রীর চেম্বার বা কক্ষ। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত দুইদিন সচিবালয়ে তার দপ্তরে অফিস করেছেন তারেক রহমান। আজকেই প্রথম তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?
