রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
রহমত, মাগফেরাত আর নাজাতের পয়গাম নিয়ে বছর ঘুরে এলো পবিত্র কোরআন নাযিলের মাস পবিত্র মাহে রমজান। আজ বৃহস্পতিবার থেকে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। বছর ঘুরে আসা সিয়াম সাধনার এই মাসকে ঘিরে মুমিন হৃদয়ে বইছে উৎসবের আমেজ।
গতকাল বুধবার রাতে তারাবির নামাজ আদায়ের পর ভোররাতে সাহরি খেয়ে সিয়াম সাধনার মাস রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এর আগে গতকাল সন্ধ্যায় দেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় গত রাত থেকেই সারাদেশের মসজিদে মসজিদে শুরু হয়েছে পবিত্র তারাবির নামাজ। প্রথম তারাবির নামাজ পড়তে ভিড় ছিল দেশের প্রতিটি মসজিদেই। অন্যান্য স্থানের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল।
তবে দেশের কিছু কিছু এলাকায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গত বুধবার থেকেই রোজা পালন শুরু হয়েছে।
আজ থেকে সারাদেশে একযোগে রোজা শুরু হওয়ায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মাসটি অতিবাহিত করার প্রস্তুতি নিয়েছেন সাধারণ মানুষ। রমজানের পবিত্রতা রক্ষা এবং সংযম পালনের মধ্য দিয়ে এই মাসটি দেশের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে ধর্মপ্রাণ নাগরিকরা প্রত্যাশা করছেন।
আরও পড়ুন: নামাজে সিজদার সময় আগে হাঁটু না হাত রাখতে হবে?
