, | |

মূলপাতা জাতীয়

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান


সচিবালয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩২ : অপরাহ্ণ

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নিজ কার্যালয়ে এসেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রায় ১৯ বছর পর সচিবালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সকাল থেকেই সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয় এবং প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশির পর কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তিনতলায় তার জন্য নির্ধারিত সুসজ্জিত কার্যালয়ে প্রথম দিনের অফিস করছেন। তার এই প্রথম কার্যদিবসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক।

একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। যদিও এটি মূলত একটি পরিচিতিমূলক সভা, তবে সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন, যেখানে তিনি প্রশাসনের গতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করার দিকনির্দেশনা দেবেন।

নতুন মন্ত্রিসভাকে বরণ করে নিতে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করিডোরগুলোতে নতুন ফুলের টব বসানোর পাশাপাশি পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে ইতিমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ও পদবি সংবলিত ফলক বসানো হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করার জন্য অপেক্ষায় রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের ডগ স্কোয়াডকে বিভিন্ন ভবনের নিচতলায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে এবং ১ নম্বর ভবনের সামনে বিশেষ আর্চওয়ে বসানো হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান গতকাল মঙ্গলবার শপথ নেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে বিজয়ী হয়ে প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফেরে।

আরও পড়ুন: ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর