, | |

মূলপাতা জাতীয়

শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা


আজ সকালে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৪ : পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের শপথ বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরপর শপথনামায় সই করেন এমপিরা।

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের সংসদে প্রথমবারের মতো শপথ নিয়েছেন ২০৯ জন নতুন মুখ, যা দেশের সংসদীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বিকেলে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এতে দেশ-বিদেশের হাজারও অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

টানা তিনটি সংসদ অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। ২০১৪ এবং ২০২৪ সালের দুটি নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট করে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।

আরও পড়ুন: সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর